সিরাজুল ইসলাম চৌধুরী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সিরাজুল ইসলাম চৌধুরী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৫ অক্টোবর, ২০১১

দাঁড়াবার জায়গা


সিরাজুল ইসলাম চৌধুরী

বাঙালির জন্য আত্মপরিচয়ের একটা সঙ্কট আছে, শুনেছি আমরা। ব্যাপারটা মিথ্যা নয়, আত্মপরিচয় নিয়ে সমস্যা ছিল, এখনও আছে। ব্যাপারটাকে দাঁড়াবার জায়গাও বলা যায়। তার স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে বাঙালি কোথায় দাঁড়াবে, কোন অবস্থান থেকে মুখোমুখি হবে পৃথিবীর এই জিজ্ঞাসাটা তার জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বাঙালির একটা পরিচয় ধর্মীয়, যেখানে সে হিন্দু কিংবা মুসলমান, আরেকটা পরিচয় ভাষাভিত্তিক, যেখানে সে কেবলই বাঙালি।

ধর্মীয় পরিচয়টা তাকে আবার উত্তর ভারতের সঙ্গে যুক্ত করে দিয়েছে, সে হয়েছে ভারতীয় হিন্দু সম্প্রদায়ের সদস্য, কিংবা সদস্য ভারতীয় মুসলিম সম্প্রদায়ের। এই সমস্যাটা আবুল হাশিমের জন্যও ছিল, যেমন ছিল আত্মসচেতন অন্য বাঙালির জন্যও। তিনি মনে করতেন, তিনি দুটোই, যেমন বাঙালি তেমনি মুসলমান, দুয়ের মধ্যে কোনো বিরোধ আছে বলে মানতেন না।

কিন্তু বিরোধ তো অবশ্যই ছিল। নইলে সাতচল্লিশের ওই ভয়ঙ্কর বিভাজনটা ঘটল কেন। অনেকেই মনে করেন যে, বাঙালির রাজনৈতিক জীবনে এত বড় দুর্যোগ আর ঘটেনি। সে নিয়ে অবশ্য তর্ক চলে। সাতচল্লিশের বিপর্যয় অত্যন্ত গভীর ও মর্মান্তিক অবশ্যই; কিন্তু ইতিহাসের দৃষ্টিতে ইংরেজের বঙ্গবিজয়ও কম ক্ষতি করেনি, বিশেষত এ দিক থেকে যে সাতচল্লিশের দুর্ঘটনার বীজ ইংরেজের আগমনের মধ্যেই নিহিত ছিল। সাম্রাজ্যবাদী শোষণ ও শোষণের প্রয়োজনে বিভেদ সৃৃষ্টিতে উত্সাহদানের ফলেই বাংলা ভাগ হয়েছে। তর্ক থাকুক, কিন্তু সাতচল্লিশের বিভাজন যে ভীষণ ঘটনা তাতে কোনো সন্দেহ নেই।